বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

থানায় ‘মানসিক নির্যাতন’, তরুণের আত্মহত্যা

থানায় ‘মানসিক নির্যাতন’, তরুণের আত্মহত্যা

 


এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিনহাজুল ইসলাম রাফি’র (২০)। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে মা-বাবার সঙ্গে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ।


সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয়। অপমান সইতে না পেরে সেখান থেকে ফিরে বাসায় আত্মহত্যা করেছে ওই তরুণ।


বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাফি ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. মামুনের ছেলে।


মা রানু বেগমের অভিযোগ, বুধবার কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন তাদের ফোন করে থানায় যেতে বলেন। সন্ধ্যায় থানায় যাওয়ার পর অনেকক্ষণ বসিয়ে রাখা হয়।


একপর্যায়ে রাফি’র মোবাইল নিয়ে নেওয়া হয় এবং দুই লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় রাফিকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়ার ভয় দেখানো হয়।

রানু বেগম বলেন, ‘আমি আর ছেলের বাবা আধাঘণ্টা ওসি’র (তদন্ত) পা ধরে অনুরোধ করেছি। পুলিশ দুই লাখ টাকা দাবি করে। আমাদের সঙ্গে থাকা ৫ হাজার টাকা আছে জানালে তিনি তার কক্ষের বাথরুমে রেখে আসতে বলেন। সেখানে টাকা রেখে আসার পর আমাদের ছেড়ে দেয়। বাকি টাকা ২৪ তারিখের মধ্যে দিতে বলেছে’।


কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, ৯ ডিসেম্বর এক তরুণী রাফির বিরুদ্ধে জিডি করেন। আদালতের অনুমতি নিয়ে জিডি তদন্তের জন্য রাফিকে মা-বাবা সহ ডেকে আনা হয়। অভিযোগ খতিয়ে দেখার জন্য তার মোবাইল জব্দ করা হয়। তার মা-বাবা অনেক কান্নাকাটি করেছে। আমি বলেছি, আমাদের কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। আপনাদের ছেলে পুলিশের কাছে দোষ করেনি, ক্ষমা চাইলে ছেলের মা-বাবার কাছে চান’।


তবে দুই লাখ টাকা দাবি ও পাঁচ হাজার টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা’।  


ফিরিঙ্গীবাজার এলাকার এক তরুণী জিডিতে অভিযোগ করেন, রাফি’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছেন। এ সময় রাফি তার সঙ্গে ছবি তুলেছে। তাদের সম্পর্কের বিষয়টি ওই তরুণীর পরিবার জেনে যাওয়ায় মা-বাবা রাফি’র সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। তরুণী বিষয়টি রাফিকে জানান এবং তার মোবাইলে থাকা ছবিগুলো ডিলিট করে দিতে বলেন। রাফি তার সঙ্গে সম্পর্ক না রাখলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া তার বাবাকে ফোন করে হুমকি দেন।


রাফির বোনের জামাই মো. কালাম বলেন, তারা থানা থেকে বাড়ি ফিরে আমার বাসায় আসেন। থানায় কি হয়েছে- তারা তা জানিয়েছিলেন। এরমধ্যে আমার এক বন্ধু ফোন করে জানান, রাফি আত্মহত্যা করেছে। ছাদের বিমের সঙ্গে মাফলার পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  


খুলশী থানার এসআই জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

 


আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।


বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।


এ সময় সাংবাদিকদের মেনন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়।

তাদের সে আশা পূরণ হবে না, জনগণ নির্বাচনমুখী।

মেনন বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।


বর্তমানে বিদেশিদের তেমন কোনো চাপ নেই। কারণ তারা দেখছে দেশ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার।


রাশেদ খান মেনন দিনভর বরিশাল-২ আসনের গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়নপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

‘দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে’

‘দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে’

 


উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রয়াত সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড়ের বৈঠকখানা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।  


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদ এ স্মরণসভা আয়োজন করে।


উদীচীর শিল্পীদের শোক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।

শহীদ জায়ার লেখা থেকে পাঠ করে শোনান আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি।


শহীদজায়াকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী।

স্মরণসভায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, বেগম মুশতারি শফী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন।


যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে সামনের কাতারে ছিলেন। মুশতারী আপা অতীতেও আমাদের আলো দেখিয়েছেন।


তার সে আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। মুশতারী আপার শেষ ইচ্ছা ছিল চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর করার। সে ইচ্ছা পূরণে রাষ্ট্র এগিয়ে আসবে।


তিনি বলেন, ‘নির্বাচন হবে, সরকার হবে, পার্লামেন্ট হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে- দেশ নীরব সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন- আমি স্বাধীনতা বিরোধীদের আর কখনও ক্ষমতায় আসতে দেব না। বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে ৬৫ ভাগ ভোট পড়েছিল বাঙালির। কিন্তু ৩৫ ভাগ বাংলা ভাষাভাষির মানুষ ছয় দফার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগি হিসেবে বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছিল। তারা কিন্তু এটা এখনও অব্যহত রেখেছে’।


তিনি আরও বলেন, ‘ওই ৩৫ শতাংশ যে ভোট পড়েছিল জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামী পার্টি তাদের উত্তরসূরি আজ বিরোধী শিবির। এখন রাজনীতির এ সংকটে ভারত ও রাশিয়া একদিকে অবস্থান নিয়েছে। আর আমেরিকা আরেকদিকে অবস্থান নিয়েছে। নির্বাচনের পরে আমেরিকা চেষ্টা করবে এখন যারা বিরোধী তাদের মধ্য থেকে তালেবানি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ২০২৯ সালের নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্য হবে না। আওয়ামী লীগ এবং তালেবানের মধ্যে হবে। যখন আমি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ খুব গভীরভাবে দেখতে পাই। আমার কাছে এখন মনে হচ্ছে দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে। সাইলেন্ট সিভিল ওয়ারের দিকে যাবে। এটা কন্টিনিউ করবে। সেটা ২০২৯ সালের মধ্যে হবে। তালেবানি শক্তি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের কথা’।


অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘রাজনীতি ১৫ বছরে যেদিকে পিছিয়েছে অথচ মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়। প্রশাসন, সরকারি দলে, রাজনীতিতে, পুলিশে সর্বত্রই আমি পাকিস্তান দেখি। আমি দেখেছি, অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের কাজ শুরু হয়েছিল। কিন্তু আমাদের বলা হল- গো স্লো। তখন বুঝতে পারলাম ভেতরে ভেতরে আপস হয়েছে।


সামনে খুব কঠিন সময়। আমেরিকার বিরুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা গভীরভাবে ভাবতে হবে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সমঝোতা করছি। আমরা পাঠ্যপুস্তক পরিবর্তন করেছি। ধর্মীয়ভাবে যা যা হয়েছে আমরা অনেক সময় সেখানে নীরব ভূমিকা পালন করেছি’।


তিনি বলেন, ‘আজ আমাদের গ্রাম বাংলায় মেলা নেই, ক্লাব নেই। পহেলা বৈশাখ ও ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করলে প্রশাসন থেকে বলা হয় বিকেল পাঁচটার পরে কোনো কিছু করা যাবে না। এর মধ্য দিয়ে কাদেরকে উৎসাহিত করা হচ্ছে। পাকিস্তান আমলে এসবকে তো আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আজ চ্যালেঞ্জ করার ক্ষমতাও ক্রমশ আমরা হারিয়ে ফেলেছি। যখন যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের আমলে যখন এ দিকনির্দেশনাগুলো হয় তখন আক্ষেপের সুরে বলতে হয় কোথায় চ্যালেঞ্জ করবো? অথচ ক্রমশ জাতিটিকে পেছনের দিকে ঠেলে ফেলে দিচ্ছে’।  


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, ‘আওয়ামী লীগ এখন ৭১’র মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পেছন দিয়ে হেঁটে এখন ৫৪’র আগের আওয়ামী লীগে পরিণত হয়ে গেছে। তাদেরকে আবার ৭১’র দিকে আসতে হবে। এবং এ রাজনীতি ও তার সঙ্গে সংস্কৃতি যুক্ত হতে হবে’।


কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, ‘সময়টা মুখোশের আড়ালে চলে গেছে। সমাজটা অপশক্তির দখলে চলে গেছে। আমাদের সামনে যে পথ, সেই পথ পাড়ি দিতে হবে আমাদের মুশতারী শফীর আলোয়, শহীদজায়ার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে। অবগুণ্ঠনে ঢাকা সময়কে আমাদের বের করে আনতে হবে, প্রগতির যাত্রা আবার শুরু করতে হবে সমাজে’।


উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন নারীনেত্রী নুরজাহান খান, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ, সাংবাদিক-প্রাবন্ধিক সুভাষ দে, শহীদজায়ার বড় সন্তান ফারজানা নজরুল, জামাতা সাংবাদিক-গবেষক আবদুল্লাহ জাফর সমীর ও ছেলে মেহরাজ শফী।

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্প স্থাপনা নিয়ে মারামারি, নিহত ১

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্প স্থাপনা নিয়ে মারামারি, নিহত ১

 


ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিরতা কোনাপাড়া হুতারবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  


নিহত রফিকুল স্থানীয় চর ভবানীপুর কোনাপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে।


তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, কোনাপাড়া হুতারবাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে নিহতের ছোট ভাই মো. ফারুকের (৪০) সঙ্গে অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে রাজু (২৮) ও সাজুদের (২৫) কথা কাটাকাটির এক পর্যায়ে কিলঘুসির ঘটনা ঘটে।


পরে রফিকুল ঘটনাস্থলে এলে কিলঘুষি মারা শুরু করে ভাতিজারা। একপর্যায়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, দুই পক্ষই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তবে কে এই ক্যাম্পের নেতৃত্ব দেবে মূলত এ নিয়ে বিরোধের সৃষ্টি। কারণ নিহত রফিকুলের সঙ্গে ভাতিজাদের আগে থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ চরে আসছিল।  


এছাড়াও রফিকুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলেও জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যালট ছাপানো শুরু, ২৫ ডিসেম্বরের পর যাবে মাঠে

ব্যালট ছাপানো শুরু, ২৫ ডিসেম্বরের পর যাবে মাঠে

 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান।


তিনি বলেন, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি।


তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে সেগুলো পরে ছাপানো হবে।


অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে।


আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।


অন্য এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ব্যালট তো জেলায় আগামী ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।


আগামী ৭ জানু্য়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক হাজার ৮৯৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। আদালতের নির্দেশনায় এ সংখ্যা কমা-বাড়ার সুযোগ রয়েছে।


নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয় ভোটার সংখ্যার সমান। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।


ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের দুর্গম এলাকা ছাড়া যোগাযোগ ভালো আছে এমন এলাকায় ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসি।

সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, এক পরিবারের ৪ জন দগ্ধ

 

কেরানীগঞ্জে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ধসে গেছে বাড়ির দেয়াল। আজ সোমবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাটুরাইল ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে


ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে এক পরিবারের ৪ জনসহ ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাটুরাইল ঋষিপাড়া এলাকার চারতলা একটি ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে গেছে।


বিস্ফোরণের পর ছড়ানো আগুনে দগ্ধ ব্যক্তিরা হলেন উমা রানী (৬০), তাঁর মেয়ে বিনা চক্রবর্তী (৪০), ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)। এ ছাড়া বিস্ফোরণে দেয়াল ফেটে আহত হয়েছেন প্রতিবেশী লিপি চক্রবর্তী (৩০), তাপস সরকার (৩০), তারা রানী (৩৫), রাখি রানী (৩২), নিঝুম (২৯) ও পথচারী স্বপন রাজবংশী (৫৫)। তাঁদের মধ্যে উমা রানী, বিনা চক্রবর্তী, দেবা চক্রবর্তী ও পিনাক চক্রবর্তীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আহত ব্যক্তিদের মধ্যে লিপি চক্রবর্তী ও পথচারী স্বপন রাজবংশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বাকি আহত ব্যক্তিরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, দগ্ধদের মধ্যে সবার অবস্থাই আশঙ্কাজনক। সবার শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে উমা রানীর শরীরের ৯৫ শতাংশ, বীণা চক্রবর্তীর ৮৫ শতাংশ, পিনাকের ২৪ শতাংশ, ও দেবা চক্রবর্তীর শরীরের ১৬ শতাংশ দগ্ধ হয়েছে।  



দগ্ধ উমা রানীর নাতি জ্যোতি দাস প্রথম আলোকে বলেন, চারতলা এ ভবনটি তাঁর দাদার। ভবনের নিচতলায় থাকেন দাদি উমা রানী এবং তাঁর ছেলে ও মেয়ের পরিবার। সকালে দাদি রান্নাবান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে দাউ দাউ করে ঘরে আগুন জ্বলে ওঠে। আগুন রান্নাঘর থেকে অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ঘরের দেয়ালও ফেটে যায়। এ সময় তৎক্ষণাৎ দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান তাঁরা।


অন্যদিকে আহত প্রতিবেশী লিপি চক্রবর্তীর ছোট ভাই সৌরভ আচার্য বলেন, ‘যে বাসার রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বাসার পাশে আমার বোন লিপির বাসা। সকালে যখন ওই বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন সেখানকার দেয়াল ভেঙে ইট উড়ে এসে বোন লিপির মাথায় পড়ে। এতে সে আহত হয়। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে ভর্তি আছে।’


বিস্ফোরণের ঘটনায় আহত হন পথচারী স্বপন রাজবংশী। তিনি পেশায় ঝাল-মুড়ি বিক্রেতা। তিনি বসবাস করেন ওই এলাকাতেই। সকালে তিনি ওই বাড়ির পাশের সড়ক দিয়ে বাজারে যাচ্ছিলেন। তখন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ সময় ওই বাড়ির দেয়ালের ইট উড়ে এসে ও শাটার ভেঙে তাঁর মাথায় পড়ে। এতে তিনিও আহত হন।  



দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, বিস্ফোরণের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণের ঘটনাটি গ্যাস সিলিন্ডার থেকে ঘটেছে। এ ঘটনায় তদন্ত চলছে।