বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার মেসি

মেজর লিগ সকারের সবচেয়ে দামি ফুটবলার মেসি

 


বিশ্বকাপ জয়ের পর মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লিগে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।


মৌসুম শেষেও রয়ে গেছেন সবচেয়ে দামি ফুটবলার হিসেবেই।  

মেসি যোগ দেওয়ায় এই বছর ইন্টার মায়ামি ‘মেসি ইয়ার’ ঘোষণা দিয়েছে।


তার পায়ের জাদুর ছোঁয়ায় রীতিমত বদলে গেছে ক্লাবটি। শুধু তাই নয়, নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে তারা।


মেসি আসার পর ফুটবলের প্রতি যুক্তরাষ্ট্রের মানুষদের আগ্রহ বেড়েই চলছে। প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি থাকছে পরিপূর্ণ।


যার ফলে খেলাধুলা ও আর্থিক দৃষ্টিকোণ নতুন এক পরিচিতি পাচ্ছে মায়ামি। নতুন পরিচিতি পাচ্ছেন মেসি। ৩৬ বছর বয়সে এখানে খেলতে এসে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিণত হয়েছিলেন তিনি।  

এখনও সবচাইতে দামি ফুটবলার তিনিই। ট্রান্সফারমার্কেটের রিপোর্ট অনুযায়ীর্তমান সময়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দাম ৩৬ মিলিয়ন ইউরো। দামি দশ ফুটবলারের তালিকায় রয়েছেন আরও দুই আর্জেন্টাইন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসির আর্জেন্টিনার সতীর্থ থিয়াগো আলমাদা। তার বাজার মূল্য ২৭ মিলিয়ন ইউরো।  

থানায় ‘মানসিক নির্যাতন’, তরুণের আত্মহত্যা

থানায় ‘মানসিক নির্যাতন’, তরুণের আত্মহত্যা

 


এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিনহাজুল ইসলাম রাফি’র (২০)। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে তাকে মা-বাবার সঙ্গে থানায় ডেকে নিয়ে যায় পুলিশ।


সেখানে তাদের মানসিক নির্যাতন করা হয়। অপমান সইতে না পেরে সেখান থেকে ফিরে বাসায় আত্মহত্যা করেছে ওই তরুণ।


বুধবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর লালখান বাজার টাংকির পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। রাফি ওই এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. মামুনের ছেলে।


মা রানু বেগমের অভিযোগ, বুধবার কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন তাদের ফোন করে থানায় যেতে বলেন। সন্ধ্যায় থানায় যাওয়ার পর অনেকক্ষণ বসিয়ে রাখা হয়।


একপর্যায়ে রাফি’র মোবাইল নিয়ে নেওয়া হয় এবং দুই লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় রাফিকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়ার ভয় দেখানো হয়।

রানু বেগম বলেন, ‘আমি আর ছেলের বাবা আধাঘণ্টা ওসি’র (তদন্ত) পা ধরে অনুরোধ করেছি। পুলিশ দুই লাখ টাকা দাবি করে। আমাদের সঙ্গে থাকা ৫ হাজার টাকা আছে জানালে তিনি তার কক্ষের বাথরুমে রেখে আসতে বলেন। সেখানে টাকা রেখে আসার পর আমাদের ছেড়ে দেয়। বাকি টাকা ২৪ তারিখের মধ্যে দিতে বলেছে’।


কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, ৯ ডিসেম্বর এক তরুণী রাফির বিরুদ্ধে জিডি করেন। আদালতের অনুমতি নিয়ে জিডি তদন্তের জন্য রাফিকে মা-বাবা সহ ডেকে আনা হয়। অভিযোগ খতিয়ে দেখার জন্য তার মোবাইল জব্দ করা হয়। তার মা-বাবা অনেক কান্নাকাটি করেছে। আমি বলেছি, আমাদের কাছে ক্ষমা চেয়ে লাভ নেই। আপনাদের ছেলে পুলিশের কাছে দোষ করেনি, ক্ষমা চাইলে ছেলের মা-বাবার কাছে চান’।


তবে দুই লাখ টাকা দাবি ও পাঁচ হাজার টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা’।  


ফিরিঙ্গীবাজার এলাকার এক তরুণী জিডিতে অভিযোগ করেন, রাফি’র সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তারা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছেন। এ সময় রাফি তার সঙ্গে ছবি তুলেছে। তাদের সম্পর্কের বিষয়টি ওই তরুণীর পরিবার জেনে যাওয়ায় মা-বাবা রাফি’র সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। তরুণী বিষয়টি রাফিকে জানান এবং তার মোবাইলে থাকা ছবিগুলো ডিলিট করে দিতে বলেন। রাফি তার সঙ্গে সম্পর্ক না রাখলে ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ছাড়া তার বাবাকে ফোন করে হুমকি দেন।


রাফির বোনের জামাই মো. কালাম বলেন, তারা থানা থেকে বাড়ি ফিরে আমার বাসায় আসেন। থানায় কি হয়েছে- তারা তা জানিয়েছিলেন। এরমধ্যে আমার এক বন্ধু ফোন করে জানান, রাফি আত্মহত্যা করেছে। ছাদের বিমের সঙ্গে মাফলার পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  


খুলশী থানার এসআই জামাল উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই: মেনন

 


আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।


বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।


এ সময় সাংবাদিকদের মেনন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়।

তাদের সে আশা পূরণ হবে না, জনগণ নির্বাচনমুখী।

মেনন বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।


বর্তমানে বিদেশিদের তেমন কোনো চাপ নেই। কারণ তারা দেখছে দেশ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার।


রাশেদ খান মেনন দিনভর বরিশাল-২ আসনের গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়নপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।

‘ঝিন্দের বন্দী’র রিমেক, উত্তম-সৌমিত্রের ভূমিকায় যিশু-অনির্বাণ!

‘ঝিন্দের বন্দী’র রিমেক, উত্তম-সৌমিত্রের ভূমিকায় যিশু-অনির্বাণ!

 


সালটা ১৯৬১, সে বছরই মুক্তি পায় তপন সিনহা পরিচালিত ‘ঝিন্দের বন্দী’। সেই সিনেমায় একফ্রেমে দেখা যায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুই কিংবদন্তিকে।


একজন উত্তম কুমার, অপরজন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর তাই এ সিনেমার প্রসঙ্গ উঠলে বাঙালি দর্শক নস্টালজিক হবে, সেটাই স্বাভাবিক।


বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল এ সিনেমার রিমেক হওয়ার কথা। শোনা গিয়েছিল, এ সিনেমার পরিচালক নাকি অরিন্দম শীল।


যদিও আগে এ খবর হিন্দুস্তান টাইমস বাংলার কাছে স্বীকার করেননি পরিচালক। তবে ফের শোনা যাচ্ছে, 'ঝিন্দের বন্দী'র রিমেকের খবর।


শোনা যাচ্ছে, শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) প্রযোজনাতেই নাকি তৈরি হবে এ সিনেমা। সূত্র বলছে, এ সিনেমার প্রযোজনায় এসভিএফের সঙ্গে হাত মেলাতে পারে ক্যামেলিয়া প্রোডাকশন। আর গত এক বছর ধরে এই ছবির চিত্রনাট্য লিখেছেন অরিজিৎ বিশ্বাস। যেখানে অভিনয় করবেন অনিবার্ণ ভট্টাচার্য ও যিশু সেনগুপ্ত। তবে ঠিক কে কোন চরিত্রে, বিষয়টি এখনও স্পষ্ট নয়। সময় এলেই বাকিটা প্রকাশ্যে আসবে।  


কয়েকবছর আগে প্রযোজক রানা সরকার ‘ঝিন্দের বন্দী’ রিমেক তৈরির উদ্যোগ নিয়েছিলেন। সে সময় ছবির পরিচালক হিসাবে অঞ্জন দত্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছিল। যদিও পরে সে সিনেমার কাজই শুরু হয়নি।


১৮৯৪ সালের অ্যান্টনি হোপের ‘দ্য প্রিজনার অব জেন্ডা’ উপন্যাস থেকে গৃহীত হয়েছিল তপন সিনহা পরিচালিত ‘ঝিন্দের বন্দী’ সিনেমার মূল প্রেক্ষাপট।  


তপন সিনহার সিনেমায় গৌরী শঙ্কর রায়ের চরিত্রে উত্তম কুমার এবং উদিত সিংয়ের বন্ধু ময়ূরবাহনের চরিত্রে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর রানি কস্তুরী বাইয়ের ভূমিকায় ছিলেন অরুন্ধতী দেবী।  

দেশে ফিরেই আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

দেশে ফিরেই আন্দোলনের ঘোষণা দিলেন ডিপজল

 


সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।  


আর এ আন্দোলন বলিউডসহ বিদেশি সিনেমার বিরুদ্ধে।


সম্প্রতি বলিউডের বেশ কয়েকটি সিনেমা দেশের সিনেপ্লেক্স, হলে মুক্তি পেয়েছে। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করেছে।


এর পর ‘পাঠান’ ও বর্তমানে এই অভিনেতার ‘ডানকি’ সিনেমা মুক্তিরও প্রস্তুতি চলছে।

যা নিয়ে বাংলাদেশে শাহরুখভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।


কিন্তু দেশের প্রেক্ষাগৃহে বিদেশি সিনেমা মুক্তি মেনে নিতে রাজি নন ডিপজল।  


এমনটি চলতে থাকলে দেশের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।


এ প্রসঙ্গে এ খল-অভিনেতা বলেন, ‘আমি শুরু থেকে বলে আসছি, বিদেশি সিনেমা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধ্বংস করবে। আমাদের সিনেমা নির্মাণের প্রবণতা কমে যাবে; তাই হচ্ছে। এভাবে চলতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে কঠোর আন্দোলনে যেতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন; এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পর বিদেশি সিনেমার বিষয়টি নিয়ে আমরা আন্দোলনের ডাক দেব। আমি মনে করি, এর একটি সুরাহা হওয়া খুব জরুরি। ’


ডিপজল আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। আমরা দেখেছি, হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার ফলে নেপালের সিনেমা ইন্ডাস্ট্রি কীভাবে ধ্বংস হয়ে গেছে। দেশটির সমৃদ্ধ সিনেমা হিন্দি সিনেমার কবলে পড়ে বিলীন হয়ে গেছে। আমাদের দেশে যদি একের পর এক হিন্দি সিনেমা চালানো হয়, তাহলে দেশের চলচ্চিত্রও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিজস্ব ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। ’ 


প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন ডিপজল। দীর্ঘ সময় খল চরিত্রে প্রভাব বিস্তার করেছেন তিনি। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘হাবিলদার’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘জিম্মি’, ‘ঘরভাঙ্গা সংসার’, ‘আক্রোশ’, ‘অমানুষ হলো মানুষ’, ইত্যাদি।  

কলকাতা থেকে শাকিবের জন্য কি উপহার আনেন অপু?

কলকাতা থেকে শাকিবের জন্য কি উপহার আনেন অপু?


 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের কথা উঠলে যেকোনো ভাবেই চলে আসে অপু বিশ্বাসের নাম। এই যুগল সব সময় আলোচিত।


বেশি আলোচনায় হয় অপুর কারণে। কেননা, এখনও শাকিবকে খুব বেশি ভালোবাসেন তিনি।

আব্রাম খান জয়ের কারণে হোক বা স্বামী ভক্তি; অপু শাকিবকে যে অন্তর থেকে ভালোবাসেন, বারে বারে প্রমাণ করেছেন। সেটি যেভাবেই হোক- কেউ শাকিবকে নিয়ে বাঁকা কথা বললে মার্জিত ভাষায় সেটির উত্তর দিয়ে।আবার কখনও কখনও উপহার দিয়ে।

কলকাতা সফরে গেলে ‘লাভ ম্যারেজ’ করা শাকিবের জন্য কিছু না কিছু উপহার আনেন অপু।


কয়েকদিন আগে কলকাতা সফর করেছিলেন অপু বিশ্বাস। বাংলাদেশে ফেরার সময় শাকিবের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন ঢালিউড কুইন।

‘আদরের জামাই’র জন্য তার প্রিয় কাজু বরফি নিতে ভুল করেন না অপু। আনেন নলেন গুড়ের সন্দেশও।


জানা গেছে, শেষবার যখন কলকাতা গিয়েছিলেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমার নায়িকা পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে ফিরেছিলেন। জয়ের প্রিয় শাঁখ সন্দেশ নিয়ে এসেছিলেন হাওড়া থেকে।


অপুর এসব নিয়ে ‘নাম্বার ওয়ান: শাকিব খান’ অবশ্য কখনও প্রকাশ্যে কিছু বলেন না।


ফারজানা মুন্নী ও তার স্বামী কৌশিক হোসেন তাপস এবং শবনম বুবলিকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন অপু। বুবলিকে ঘৃণা করেন বলেও জানিয়েছিলেন। শাকিবও কিছুদিন আগে তার দ্বিতীয় স্ত্রীকে (প্রাক্তন) নিয়ে কিছু কথা বলেছিলেন।

‘দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে’

‘দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে’

 


উদীচী চট্টগ্রাম জেলা সংসদের প্রয়াত সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড়ের বৈঠকখানা মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।  


বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদ এ স্মরণসভা আয়োজন করে।


উদীচীর শিল্পীদের শোক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্মরণসভা শুরু হয়।

শহীদ জায়ার লেখা থেকে পাঠ করে শোনান আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি।


শহীদজায়াকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী।

স্মরণসভায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, বেগম মুশতারি শফী মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের জন্য আমৃত্যু লড়াই করে গেছেন।


যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনে সামনের কাতারে ছিলেন। মুশতারী আপা অতীতেও আমাদের আলো দেখিয়েছেন।


তার সে আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। মুশতারী আপার শেষ ইচ্ছা ছিল চট্টগ্রামে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর করার। সে ইচ্ছা পূরণে রাষ্ট্র এগিয়ে আসবে।


তিনি বলেন, ‘নির্বাচন হবে, সরকার হবে, পার্লামেন্ট হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে- দেশ নীরব সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন- আমি স্বাধীনতা বিরোধীদের আর কখনও ক্ষমতায় আসতে দেব না। বঙ্গবন্ধুর ছয় দফার পক্ষে ৬৫ ভাগ ভোট পড়েছিল বাঙালির। কিন্তু ৩৫ ভাগ বাংলা ভাষাভাষির মানুষ ছয় দফার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তারাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগি হিসেবে বাংলাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছিল। তারা কিন্তু এটা এখনও অব্যহত রেখেছে’।


তিনি আরও বলেন, ‘ওই ৩৫ শতাংশ যে ভোট পড়েছিল জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামী পার্টি তাদের উত্তরসূরি আজ বিরোধী শিবির। এখন রাজনীতির এ সংকটে ভারত ও রাশিয়া একদিকে অবস্থান নিয়েছে। আর আমেরিকা আরেকদিকে অবস্থান নিয়েছে। নির্বাচনের পরে আমেরিকা চেষ্টা করবে এখন যারা বিরোধী তাদের মধ্য থেকে তালেবানি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। ২০২৯ সালের নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্য হবে না। আওয়ামী লীগ এবং তালেবানের মধ্যে হবে। যখন আমি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ খুব গভীরভাবে দেখতে পাই। আমার কাছে এখন মনে হচ্ছে দেশটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে যাবে। সাইলেন্ট সিভিল ওয়ারের দিকে যাবে। এটা কন্টিনিউ করবে। সেটা ২০২৯ সালের মধ্যে হবে। তালেবানি শক্তি ক্ষমতায় আসবে কি আসবে না সেটা পরের কথা’।


অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘রাজনীতি ১৫ বছরে যেদিকে পিছিয়েছে অথচ মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায়। প্রশাসন, সরকারি দলে, রাজনীতিতে, পুলিশে সর্বত্রই আমি পাকিস্তান দেখি। আমি দেখেছি, অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের কাজ শুরু হয়েছিল। কিন্তু আমাদের বলা হল- গো স্লো। তখন বুঝতে পারলাম ভেতরে ভেতরে আপস হয়েছে।


সামনে খুব কঠিন সময়। আমেরিকার বিরুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা গভীরভাবে ভাবতে হবে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সমঝোতা করছি। আমরা পাঠ্যপুস্তক পরিবর্তন করেছি। ধর্মীয়ভাবে যা যা হয়েছে আমরা অনেক সময় সেখানে নীরব ভূমিকা পালন করেছি’।


তিনি বলেন, ‘আজ আমাদের গ্রাম বাংলায় মেলা নেই, ক্লাব নেই। পহেলা বৈশাখ ও ২১শে ফেব্রুয়ারির অনুষ্ঠান করলে প্রশাসন থেকে বলা হয় বিকেল পাঁচটার পরে কোনো কিছু করা যাবে না। এর মধ্য দিয়ে কাদেরকে উৎসাহিত করা হচ্ছে। পাকিস্তান আমলে এসবকে তো আমরা চ্যালেঞ্জ করেছিলাম। আজ চ্যালেঞ্জ করার ক্ষমতাও ক্রমশ আমরা হারিয়ে ফেলেছি। যখন যে সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, তাদের আমলে যখন এ দিকনির্দেশনাগুলো হয় তখন আক্ষেপের সুরে বলতে হয় কোথায় চ্যালেঞ্জ করবো? অথচ ক্রমশ জাতিটিকে পেছনের দিকে ঠেলে ফেলে দিচ্ছে’।  


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ প্রসিকিউটর বলেন, ‘আওয়ামী লীগ এখন ৭১’র মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পেছন দিয়ে হেঁটে এখন ৫৪’র আগের আওয়ামী লীগে পরিণত হয়ে গেছে। তাদেরকে আবার ৭১’র দিকে আসতে হবে। এবং এ রাজনীতি ও তার সঙ্গে সংস্কৃতি যুক্ত হতে হবে’।


কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, ‘সময়টা মুখোশের আড়ালে চলে গেছে। সমাজটা অপশক্তির দখলে চলে গেছে। আমাদের সামনে যে পথ, সেই পথ পাড়ি দিতে হবে আমাদের মুশতারী শফীর আলোয়, শহীদজায়ার দেখানো পথে আমাদের এগিয়ে যেতে হবে। অবগুণ্ঠনে ঢাকা সময়কে আমাদের বের করে আনতে হবে, প্রগতির যাত্রা আবার শুরু করতে হবে সমাজে’।


উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশগুপ্তের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন নারীনেত্রী নুরজাহান খান, বোধন আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল হালিম দোভাষ, সাংবাদিক-প্রাবন্ধিক সুভাষ দে, শহীদজায়ার বড় সন্তান ফারজানা নজরুল, জামাতা সাংবাদিক-গবেষক আবদুল্লাহ জাফর সমীর ও ছেলে মেহরাজ শফী।

বেসরকারি সংস্থায় ৫৫ হাজার টাকা বেতনে চাকরি

বেসরকারি সংস্থায় ৫৫ হাজার টাকা বেতনে চাকরি


 বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার পদে কর্মী নিয়োগ দেবে।


আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।


• পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

কোনো বেসরকারি সংস্থায় মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ইউনিটে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রিপোর্ট রাইটিং, ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন, রিসার্চ, সার্ভে ও ওএনএ রিপোর্টে অভিজ্ঞ হলে অগ্রাধিকার দেওয়া হবে।

কম্পিউটার চালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।


বয়স: ৩০ থেকে ৪০ বছর


কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।


আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr2 @coastbd. net এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।


আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৩।

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৯

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৯

 


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


এর মধ্যে ঢাকায় ৬৫ জন ও ঢাকার বাইরে ১৭৪ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


এর মধ্যে ঢাকায় ৮৯ জন ও ঢাকার বাইরে ২৫৩ জন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।


এর মধ্যে ঢাকায় একজন ও ঢাকার বাইরে তিনজন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৬৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৭১ জন ও ঢাকার বাইরে ৭১৫ জন।


চলতি বছরের ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১৯ হাজার ৪৭৫ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ নয় হাজার ৫৭৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ নয় হাজার ৮৯৯ জন।


চলতি বছরের এ পর্যন্ত তিন লাখ ১৬ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ আট হাজার ১৫৬ জন ও ঢাকার বাইরে দুই লাখ আট হাজার ১৭৭ জন।


বর্তমানে সারা দেশে এক হাজার ৪৫৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৪৪৯ জন ও ঢাকার বাইরে এক হাজার সাতজন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৯ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার শূন্য শতাংশ। মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।


গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

সাড়ে তিনশ’র বেশি শিশু হৃদরোগীর অপারেশন সম্পন্ন

সাড়ে তিনশ’র বেশি শিশু হৃদরোগীর অপারেশন সম্পন্ন

 


সাড়ে তিনশ’র বেশি জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আরও সাত শতাধিক শিশু অপারেশনের অপেক্ষায় রয়েছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি সেমিনারে জানানো হয়েছে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন (আইএনএম) অডিটোরিয়ামে শিশু হৃদরোগ সার্জারির সর্বশেষ অগ্রগতি ও চিকিৎসাসেবা বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।


বিএসএমএমইউর শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।


সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম, শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, কার্ডিয়াক সার্জারি ইউনিটের সহকারী ডা. মোহাম্মদ আতা উল্যাহ বিপ্লব, কার্ডিয়াক সার্জারি বিভাগের অ্যানেসথিয়োলজির সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্রা দাস প্রমুখ।


সেমিনারে জানানো হয়, জন্মগত শিশু হৃদরোগীদের বিনামূল্যে অপারেশন সাড়ে তিনশ’র অধিক শিশু হৃদরোগীর অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। জন্মগত হৃদরোগে আক্রান্ত আরও সাতশ’ শিশুর অপারেশনের জন্য অপেক্ষা রয়েছে এবং তাদের অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগীদের সব ধরনের চিকিৎসাসেবা বিদ্যমান রয়েছে। এ সেবা কার্যক্রম আরও জোরদার করা হবে।


#mominexe  #meamnews

ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন মাহিয়া মাহি, সেলফি তোলার হিড়িক

ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন মাহিয়া মাহি, সেলফি তোলার হিড়িক

 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জীবনের বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ফিরেছেন নির্বাচনের মাঠে।


প্রার্থিতা বাতিল হওয়ার পর যেন মাহির মাথায় আকাশ ভেঙে পড়েছিল। তবে আপিলে নির্বাচন কমিশন তার প্রার্থিতা ফিরিয়ে দেয়।

এরপর ফের চাঙা হয়ে ওঠেন মাহি। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর নিজের পছন্দে বাছাই করে নেন ‘ট্রাক’ প্রতীক।

মাহি বলেন, ‘ট্রাকই আমার জন্য বেস্ট। ’ মানুষ তাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন, এমনটিও উল্লেখ করেন তিনি।

তিনি এও বলেছেন, তার আসনের নারী ভোটাররা এমনই একটি ব্যতিক্রমী প্রতীক চেয়েছিলেন, যেন সবার মধ্যে তাকে আলাদা করা যায়। তার প্রত্যাশা ৯৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন।  


তাই প্রথম দিন থেকেই গ্রামে গ্রামে ঘুরছেন মাহি। হেঁটে যাচ্ছেন গ্রামের মানুষের দুয়ারে দুয়ারে। প্রথমেই তিনি নারীদের মন জয় করতে চাইছেন। তাই যেখানেই যাচ্ছেন নারীদের আপন ভেবে জড়িয়ে ধরছেন।


এদিকে নায়িকাকে পেয়ে গ্রামে গ্রামে সেলফি তোলারও হিড়িক পড়ে যাচ্ছে। তবে সেলফি শিকারিদের মোটেও হতাশ করছেন না মাহিয়া মাহি।

  

কখনও কখনও নিজেও সেলফি তুলছেন গ্রামের কিশোরী, তরুণী ও নারী ভোটারদের সঙ্গে। জড়িয়ে ধরে ভোট চাইছেন। কোথাও ছোট শিশু দেখতে পেলে নিজের কোলে নিয়ে আদর দিচ্ছেন। বৃদ্ধাদের হাত ধরে মাথায় নিয়ে চাইছেন দোয়া।


নারী ভোটাররাও আনন্দে আটখানা। অনেক নারী নায়িকাকে ধরেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। কেউ কেউ সঙ্গে সঙ্গেই কথা দিচ্ছেন ভোট দেওয়ার।

  

মাহির আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি দলের তিনবারের সংসদ সদস্য। নৌকার মনোনয়ন চেয়ে না পেলেও মাহির দাবি, তিনি আওয়ামী লীগেরই লোক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।


রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রামে গ্রামে গিয়ে বলছেন, গরীবের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকতে চান। সব মানুষের জন্য কাজ করতে চান।


দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় মাহি জনসংযোগ শুরু করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে। দুপুর পর্যন্ত তিনি পাকড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজের ট্রাক প্রতীকে ভোট চান। এ সময় দুটি গাড়িতে তার সঙ্গে আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকেরা ছিলেন। কখনও কখনও মাহি গাড়িতে উঠলেও জনসমাগম দেখলেই নেমে ভোটারদের সঙ্গে কথা বলেন মাহি।


দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৮টায় মাহি জনসংযোগ শুরু করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়ন থেকে। দুপুর পর্যন্ত তিনি পাকড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে নিজের ট্রাক প্রতীকে ভোট চান। এ সময় দুটি গাড়িতে তার সঙ্গে আত্মীয়স্বজন ও কর্মী-সমর্থকেরা ছিলেন। কখনও কখনও মাহি গাড়িতে উঠলেও জনসমাগম দেখলেই নেমে ভোটারদের সঙ্গে কথা বলেন মাহি।


চিত্রনায়িকা মাহিয়া মাহির নিজের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোলে। রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় তার নানাবাড়ি। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মাহি প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকেই আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।  


সেই আসনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

আর্থিক প্রতারণায় নাম জড়াল শাহরুখপত্নীর, ইডির নোটিশ

আর্থিক প্রতারণায় নাম জড়াল শাহরুখপত্নীর, ইডির নোটিশ

 


শাহরুখ খানের স্ত্রী গৌরীকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছে শাহরুখপত্নীর।


শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখনও গৌরী ওই নোটিশের কোনও জবাব দেননি বলে জানা গেছে।


লক্ষ্ণৌর সংস্থা তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী। ২০১৫ সালে ওই সংস্থার সঙ্গে যুক্ত হন শাহরুখ-পত্নী।


গত কয়েক মাস আগেই লক্ষ্ণৌর সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইয়ের 

বাসিন্দা যশবন্ত।  

তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দাম দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।


তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার প্রধান মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখপত্নী গৌরী খান। তার মাধ্যমেই প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হন যশবন্ত।  

যশবন্তের দাবি, যেহেতু অন্দরসজ্জা শিল্পী গৌরী খান ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এই বিশ্বাসভঙ্গের দায় বর্তায় তার উপরেও। তাই শাহরুখপত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। তার পরও এই সংস্থার নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়।  


গৌরী খান ওই সংস্থার সঙ্গে যুক্ত থাকায় এ বার ইডির নজরে পড়লেন গৌরী। শোনা যাচ্ছে খুব শিগগিরই তাকে তলব করা হবে। সমন জারি হলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির কর্মকর্তারা।


শোনা যাচ্ছে, প্রায় ৩০ কোটি রুপির গরমিল পাওয়া গিয়েছে ওই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের ওই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম যুক্ত হয়েছে গৌরীরও।  


ওই সংস্থা থেকে ঠিক কত টাকা পেয়েছেন তিনি, সেই হিসাব জানতে চাইতে পারে ইডি। কোন শর্তে গৌরী জড়িয়েছিলেন ওই সংস্থার সঙ্গে, সব দিকই নাকি ইডি খতিয়ে দেখবে।

আরিয়ানের বুকিং-এ পরীমণি

আরিয়ানের বুকিং-এ পরীমণি

 


ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ।  

মিজানুর রহমান আরিয়ানের ‘বুকিং’ ওয়েব ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে পরীমণি ও এ বি এম সুমনকে।


বঙ্গ অ্যাপের প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেছেন, আগামী সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে।  

তিনি বলেন, আমরা ভালোবাসা দিবস উপলক্ষে লাভ স্টোরিজ নামে কয়েকটি অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছি, সেগুলোর একটি ‘বুকিং’।

এ বি এম সুমন বলেন, ‘চমৎকার একটা প্রেমের গল্প। পরীর সঙ্গে আমার প্রথম কাজ হতে যাচ্ছে।

আরিয়ানও আমার প্রিয় নির্মাতাদের একজন। আশা করছি প্রডাকশনটি সবার ভালো লাগবে।

পরীমণিও উচ্ছসিত এমন সুন্দর একটি গল্পে কাজ করার সুযোগ পেয়ে।  

দি জর্জির সেঞ্চুরিতে ভারতকে হারালো দ. আফ্রিকা

দি জর্জির সেঞ্চুরিতে ভারতকে হারালো দ. আফ্রিকা

 


মাত্র চতুর্থ ওয়ানডে ম্যাচ খেলতে নামা টনি ডি জর্জির দারুণ সেঞ্চুরিতে ভর করে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।


সিরিজের প্রথম ম্যাচটা ৮ উইকেটে জিতে নিয়েছিল ভারত।

এবার একই ব্যবধানে জিতল প্রোটিয়ারা। আগে ব্যাট করতে নামা ভারতকে ২১১ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা।


এরপর ডি জর্জির ১২২ বলে ১১৯ রানের অনবদ্য ইনিংসে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা। ওপেনিং জুটিতে রিজা হ্যানড্রিকসের সঙ্গে ১৩০ তোলেন ডি জর্জি।রিজা করেন ৫২ রান।

এর আগে বল হাতে ভারতের ইনিংস ধসিয়ে দেন দক্ষিণ আফ্রিকার নতুন বোলার নান্দ্রে বার্গার।


৩০ রান খরচে ৩ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন কেবল ভারতের সাই সুদর্শন (৬২) ও লোকেশ রাহুল (৫৬)।

এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল পার্লে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্প স্থাপনা নিয়ে মারামারি, নিহত ১

ময়মনসিংহে নির্বাচনী ক্যাম্প স্থাপনা নিয়ে মারামারি, নিহত ১

 


ময়মনসিংহ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকে নির্বাচনী প্রচারণা ক্যাম্প স্থাপন নিয়ে দুপক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সিরতা কোনাপাড়া হুতারবাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  


নিহত রফিকুল স্থানীয় চর ভবানীপুর কোনাপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে।


তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।


কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বাংলানিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, কোনাপাড়া হুতারবাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে নিহতের ছোট ভাই মো. ফারুকের (৪০) সঙ্গে অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে রাজু (২৮) ও সাজুদের (২৫) কথা কাটাকাটির এক পর্যায়ে কিলঘুসির ঘটনা ঘটে।


পরে রফিকুল ঘটনাস্থলে এলে কিলঘুষি মারা শুরু করে ভাতিজারা। একপর্যায়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, দুই পক্ষই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক। তবে কে এই ক্যাম্পের নেতৃত্ব দেবে মূলত এ নিয়ে বিরোধের সৃষ্টি। কারণ নিহত রফিকুলের সঙ্গে ভাতিজাদের আগে থেকেই বাড়ির জমি নিয়ে বিরোধ চরে আসছিল।  


এছাড়াও রফিকুল এর আগে দুইবার স্ট্রোক করেছিল বলেও জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘সহকারী কোচ’র দায়িত্ব পালন করেছেন মেসি: স্কালোনি

‘সহকারী কোচ’র দায়িত্ব পালন করেছেন মেসি: স্কালোনি

 


গত বছরের ঠিক এইদিনে ৩৮ বছরের খরা ঘুচিয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। বিজয়ের এই যাত্রায় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দারুণ পারফরম্যান্স করেন লিওনেল মেসি।তাইতো দলের কোচ লিওনেল স্কালোনি তাকে বলছেন ‘সহকারী কোচ’।  

কাতার বিশ্বকাপের ছন্দময় ফুটবল খেলে টুর্নামেন্টসেরার পুরস্কার পান মেসি।


প্রতি ম্যাচে ধারাবাহিক অবদান রেখে বেশ কয়েকটি রেকর্ড গড়ার পাশাপাশি ফাইনালে জোড়া গোল করে দলকে শিরোপা জেতানোয় বড় অবদান রাখেন তিনি। আসরজুড়ে নেতৃত্বে থাকা এই ফরোয়ার্ড দলের সবাইকে যেভাবে একত্রিত করেছেন, যেভাবে দিকনির্দেশনা দিয়েছেন সেসব বিষয় তুলে ধরে স্কালোনি মেসিকে আখ্যা দেন সহকারী কোচ হিসেবে।


লরিয়াস স্পিরিট অব স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সে সঠিকভাবে নেতৃত্ব পালন করেছে। শুধু অধিনায়ক নয়, বরং একজন নেতা হিসেবে সবাইকে একত্রিত করেছে।


এবং অবশ্যই এটার উদাহরণ হিসেবে প্রতিপক্ষকে হারিয়ে দেখিয়েছে। সে আমাদের সবসময় সাহায্য করে গেছে। সবসময় আমাদের সঙ্গে ভালো ছিল। তাকে কোচিং করাতে পেরে আমি খুবই খুশি। ’

কাতার বিশ্বকাপ ঘরে তুলে মেসিদের এখন লক্ষ্য পরবর্তী কোপা আমেরিকা। আর্জেন্টাইন এই সুপারস্টার যে পরবর্তী এই আসর জিততে চান, তিনি সেটি আগেই বলে দিয়েছেন। এমনকি পরবর্তী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও জানিয়েছেন।  

মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

 


শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে দেখা হচ্ছে লিওনেল মেসির। তবে দলের হয়, তিনি খেলবেন প্রতিপক্ষ হিসেবে।


প্রীতি ম্যাচে আগামী বছরের ফেব্রুয়ারিতে আর্জেন্টাইন ক্লাবটির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। গতকাল বিষয়টি নিশ্চিত করে দুই ক্লাবই।


ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখ মুখোমুখি হবে দুই দল। ম্যাচটিতে প্রথমবারের মতো শৈশবের ক্লাব নিওয়েলসের বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে।


এই ক্লাবের হয়েই ফুটবলের যাত্রা শুরু করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

নিওয়েলসের হয়ে ১৩ বছর বয়স পর্যন্ত খেলেছিলেন মেসি।


পরবর্তীতে তিনি যোগ দেন বার্সেলোনায়। দীর্ঘ সময় ক্লাবটির হয়ে খেলার পর যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। সেখান থেকে গ্রীষ্মের দলবদল মৌসুমে যোগ দেন ইন্টার মায়ামিতে।  

মৌসুম শুরু করার আগে এই নিয়ে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলবে মায়ামি। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে, আগামী ১৯ জানুয়ারি। এরপর তারা দুটি ম্যাচ খেলবে সৌদি প্রো লিগের দুই ক্লাব আল হিলাল (২৯ জানুয়ারি) ও ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাব আল নাস্‌রের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে ।

ব্যালট ছাপানো শুরু, ২৫ ডিসেম্বরের পর যাবে মাঠে

ব্যালট ছাপানো শুরু, ২৫ ডিসেম্বরের পর যাবে মাঠে

 


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এমন তথ্য জানান।


তিনি বলেন, প্রতীক বরাদ্দের পরপরই ৩০০টি আসনের প্রার্থীর তালিকা আমরা পেয়ে গেছি।


তিনটি সরকারি প্রেসে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে। যেগুলোতে মামলা রয়েছে সেগুলো পরে ছাপানো হবে।


অশোক কুমার দেবনাথ বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট পেপার ছাপানো শেষ হবে। সে আলোকে যে এলাকাগুলোয় কোনো মামলা নেই, সেগুলো আগে ছাপানো হবে।


আর মামলা আছে এমন আসনের ব্যালট শেষের দিকে ছাপানো হবে। ৪০টির বেশি আসনে মামলা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর সুনির্দিষ্ট কোনো বাজেট নেই। প্রাথমিক তাদের চাহিদায় ৩৩ কোটি টাকা কাগজ ক্রয়ের জন্য আগে দিয়েছি।


অন্য এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, ব্যালট তো জেলায় আগামী ২৫ ডিসেম্বরের পর যাবে। যেগুলো আগে ছাপানো হবে সেগুলো আগে চলে যাবে। প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থাকবে।


আগামী ৭ জানু্য়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে এক হাজার ৮৯৪ জন প্রার্থী বৈধ হয়েছেন। আদালতের নির্দেশনায় এ সংখ্যা কমা-বাড়ার সুযোগ রয়েছে।


নির্বাচনে ব্যালট পেপার ছাপানো হয় ভোটার সংখ্যার সমান। এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন ও নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৫২ জন।


ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের দুর্গম এলাকা ছাড়া যোগাযোগ ভালো আছে এমন এলাকায় ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসি।

নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

নতুন প্রেমে জড়িয়েছেন শ্রাবন্তী, প্রেমিক কে জানেন

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

অভিনয়ের চেয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এখন ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় থাকেন। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রথম বিয়ে করেন শ্রাবন্তী। ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দুই বছর প্রেম করে ২০১৭ সালে বিয়ে করেন মডেল কৃষেণ ব্রজকে। ২০১৯ সালের জানুয়ারিতে সে সংসারও ভেঙে যায়। একই বছরের ১৯ জুন শ্রাবন্তী বিয়ে করেন জিম ট্রেনার রোশন সিংকে। ২০২০ সালে আলাদা হয়ে যান তাঁরা।
বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই তাঁর সংসার। শোনা যাচ্ছে, আবারও ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়


একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তী বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘অভিযাত্রিক’-এর পরিচালক শুভ্রজিৎ মিত্রর সঙ্গে প্রেম করছেন। শুভ্রজিতের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরাণী’তে নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। এই ডিসেম্বরেই সেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।


অবশ্য বেশ কিছুদিন ধরেই কলকাতার বিনোদনজগতে গুঞ্জন, শ্রাবন্তী আর ‘দেবী চৌধুরাণী’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্রর মধ্যে প্রেম চলছে! এখনো এ বিষয়ে কোনো কথা না বললেও খুব শিগগির নাকি শ্রাবন্তী ও শুভ্রজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বদলে ফেলবেন স্ট্যাটাস।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

শ্রাবন্তী-শুভ্রজিতের সম্পর্কের সূত্রপাত হয় বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন দুই শিল্পী। যত দিন চলচ্চিত্র উৎসব চলেছে, তত দিনই তাঁরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছেন। কলকাতায় ফিরে আসার পর জানা যায়, শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরাণী’ তৈরি করছেন শুভ্রজিৎ। হইচই করে ছবির ঘোষণাও করে ফেলেন তিনি। শ্রাবন্তীর বিপরীতে নায়কের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়


এর আগে গত বছর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ওঠে। একসঙ্গে মালদ্বীপে ঘুরতে যাওয়া, হিরের আংটি উপহার দেওয়াসহ বেশ কিছু বিষয়ে সংবাদ শিরোনামে উঠে আসেন শ্রাবন্তী। অবশ্য সে সময় শ্রাবন্তী জানিয়েছিলেন, অভিরূপের সঙ্গে তিনি প্রেম করছেন না, বরং তাঁরা ‘বিশেষ বন্ধু’। অভিরূপ সব সময় তাঁর পাশে থাকেন বলেও জানান শ্রাবন্তী। শুধু তা-ই নয়, অভিরূপের ভালো দিক সম্পর্কেও জানান শ্রাবন্তী।

তিনি বলেন, ‘অভিরূপ মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের খেয়াল রাখে। বন্ধু হিসেবেও এমন একজন, যার কাছে মনের কথা খুলে বলা যায়।’ সাক্ষাৎকারে অভিরূপের কোন বিষয়টি খারাপ লাগে, সেটাও জানান শ্রাবন্তী, ‘জিম করতে বললেও করে না, যেটা আমার খারাপ লাগে।’ সে সম্পর্ক কত দূর এগিয়েছে, এ বিষয়ে পরে আর কিছু শোনা যায়নি।


অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়


শ্রাবন্তী সর্বশেষ কাজ করেছেন ‘আমি আমার মতো’ নামের একটি ছবিতে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় এতে শ্রাবন্তীর সঙ্গে আছেন জীতু কমল। ছবিটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

গ্রাম কাউন্সিলের বৈঠকে তিনটি গ্রেনেড মারলেন ডেপুটি কাউন্সিলর

গ্রাম কাউন্সিলের বৈঠকে তিনটি গ্রেনেড মারলেন ডেপুটি কাউন্সিলর

 

গ্রেনেড নিক্ষেপের সময় বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি গ্রাম কাউন্সিলের বৈঠকে তিনটি গ্রেনেড নিক্ষেপ করলেন এক ডেপুটি কাউন্সিলর। এতে বৈঠকে অংশ নেওয়া ২৬ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।


স্থানীয় সময় শুক্রবার সকালে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় জাকারপাত্তিয়া অঞ্চলের কেরেতস্কি গ্রাম কাউন্সিলের দপ্তরে এই হামলা হয়।


কী কারণে এই হামলা চালানো হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি।


গ্রেনেড হামলার সময় বৈঠকটি সরাসরি ফেসবুকে সম্প্রচার করা হচ্ছিল। ফুটেজে দেখা গেছে, বৈঠকে প্রায় দেড় ঘণ্টা ধরে উত্তপ্ত আলোচনা হচ্ছিল। এর মধ্যে ওই ব্যক্তি সেখানে প্রবেশ করেন। তিনি পরে একটু সামনে গিয়ে ৩০ সেকেন্ডের মতো দাঁড়িয়ে থাকেন। এরপরই বৈঠককক্ষের মাঝখানে তিনটি গ্রেনেড নিক্ষেপ করেন।


এ বিষয়ে পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রেনেড নিক্ষেপের ফলে ২৬ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।’ চিকিৎসকেরা গ্রেনেড হামলাকারীকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করছেন বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।


রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলার কারণে দেশটির অনেক সাধারণ মানুষের হাতে অস্ত্র চলে এসেছে। তবে এই হামলার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক আছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।